প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ঘোষণা করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ব্যালটে অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, "জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টা যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি আমাদের রয়েছে।"
সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি জানান, সীমানা নির্ধারণে কোনো পক্ষকে সুবিধা বা বঞ্চনা না করে ন্যায্য পদ্ধতিতে কাজ সম্পন্ন করা হবে। অতীতের মানদণ্ডের পাশাপাশি নতুন মানদণ্ডও বিবেচনায় আনা হবে।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান ভোটার তালিকায় অসংগতি রয়েছে। আগামী দুই মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। মৃত ভোটারদের বাদ দেওয়া, বিদেশে অবস্থানরত ভোটারদের তথ্য যাচাই এবং ডুপ্লিকেট ভোটার শনাক্তের কাজ বাড়ি বাড়ি গিয়ে করা হবে।"
রোডম্যাপের বিষয়ে তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা না হলেও অভ্যন্তরীণ পরিকল্পনার ভিত্তিতে নির্বাচন পরিচালিত হবে।"
সিইসি আরও জানান, কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে এখনও কোনো নির্দেশনা আসেনি।
0 মন্তব্যসমূহ